ট্রানজিশন ওয়েবসাইট খুলেছেন বাইডেন

৫ নভেম্বর, ২০২০ ১২:২০  
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে। শেষ খবর পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা হয়নি। তবে দুই প্রার্থীই নিজেদেরকে বিজয়ী বলে দাবি করছেন। এরই মধ্যে একটি ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছেন জো বাইডেন। নাম দেওয়া হয়েছে ‘বিল্ড ব্যাক বেটার’। ওই ওয়েবসাইটে বলা হয়েছে, মহামারি থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বর্ণ বৈষম্যমূলক অবিচার পর্যন্ত বহু সমস্যায় জর্জরিত আমেরিকা। আর ট্রানজিশনাল দল এখন থেকেই সমস্যা সমাধানে প্রস্তুতি নেয়া শুরু করবে। ফলে যেন দায়িত্ব নেয়ার পর প্রথম দিন থেকেই কাজ শুরু করতে পারবেন তারা। প্রসঙ্গত, সাধারণত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী যখন প্রেসিডেন্ট হিসেবে জয় লাভ করেন এই ওয়েবসাইট চালু করা হয়। নির্বাচনের পর জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার আগে প্রস্তুতি হিসেবে একটি ট্রানজিশনাল দল প্রস্তুত করেন নির্বাচিত প্রেসিডেন্ট।